বাদামতলায় বামেদের সভায় ভাঙচুর, পাল্টা অভিযোগ বিজেপির, উত্তপ্ত বর্ধমান
বামেদের সংযুক্ত কিষাণ মোর্চার সভাকে ঘিরে বৃহস্পতিবার বিকেলে উত্তেজনা ছড়াল বর্ধমান শহরের বাদামতলায়। সভায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। ঘটনায় কিষাণ মোর্চার রাজ্য আহ্বায়ক অমল হালদার-সহ কয়েকজন বামকর্মী আহত হয়েছেন বলে দাবি বাম নেতৃত্বের। যদিও সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি। পাল্টা বামেদের বিরুদ্ধেই প্ররোচনা ও মারধরের অভিযোগ তুলেছে গেরুয়া শিবির।বাম নেতৃত্বের দাবি, পুলিশের অনুমতি নিয়েই বাদামতলায় সভার আয়োজন করা হয়েছিল। সভায় অমল হালদারের বক্তব্য চলাকালীন আচমকাই হামলা শুরু হয়। চেয়ার ও লাঠি দিয়ে মারধরের পাশাপাশি সভাস্থলে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সারা ভারত কৃষকসভার সহ-সভাপতি তথা সংযুক্ত কিষাণ মোর্চার আহ্বায়ক অমল হালদারের অভিযোগ, শুরু থেকেই আরএসএস ও বিজেপি প্ররোচনা দিচ্ছিল। তাঁর বক্তব্য চলাকালীনই হামলা চালানো হয়। চেয়ার ও লাঠি দিয়ে তাঁকে এবং অন্যদের মারধর করা হয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর আরও অভিযোগ, গোটা ঘটনায় পুলিশ সক্রিয় ভূমিকা নেয়নি।সিপিএমের জেলা সম্পাদক সৈয়দ হোসেনের অভিযোগ, প্রায় এক ঘণ্টা ধরে প্ররোচনা ও হামলার ঘটনা চলে। এদিন কৃষক সংগঠনগুলির ডেপুটেশন, মিছিল ও সভার কর্মসূচি ছিল। প্রশাসনের অনুমতি নিয়ে সভা করার পরেও হামলার মুখে পড়তে হয়েছে বলে দাবি তাঁর। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার কথাও জানান তিনি।অন্যদিকে, বামেদের তোলা অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপির জেলা মুখপাত্র তথা চিকিৎসক শান্তরূপ দে। তাঁর পাল্টা দাবি, প্রথম থেকেই বামেরাই প্ররোচনা ছড়াচ্ছিল। তাঁদের কয়েকজন কর্মীকে মারধর করা হয়। বিজেপি কর্মীরা সংযত থাকায় বড় ধরনের অশান্তি এড়ানো সম্ভব হয়েছে বলে দাবি করেন তিনি।বিজেপি নেতা সুব্রত গোস্বামীর বক্তব্য, বামেরা রাস্তা আটকে সভা করছিলেন। সেই সময় বিজেপি কর্মীরা নিজেদের সভায় যাচ্ছিলেন। তাঁদের দাবি, ওই রাস্তা দিয়ে একটি অ্যাম্বুল্যান্স যাচ্ছিল, যার মধ্যে গুরুতর অসুস্থ রোগী ছিলেন। রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ করা হলেও তা মানা হয়নি। উল্টে তাঁদের এক কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। ওই কর্মীকে বাঁচাতেই তাঁরা এগিয়ে গিয়েছিলেন বলে দাবি সুব্রতবাবুর।তাঁর আরও অভিযোগ, বামেরা নিজেদের মধ্যেই অশান্তিতে জড়িয়েছেন। এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই বলেও স্পষ্ট দাবি করেছেন তিনি। দুই রাজনৈতিক শিবিরের পরস্পরবিরোধী অভিযোগে বৃহস্পতিবার বিকেলে উত্তপ্ত হয়ে ওঠে বর্ধমান শহর।

